চীনের বৃহত্তম নভোযান ‘লংমার্চ ফাইভ বি’র সেই ধ্বংসাবশেষটি পৃথিবীতে আছড়ে পড়েছে। রবিবার (৯ মে) সকালে সেটি দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপের কাছে ভারত মহাসাগরের একটি অংশে আছড়ে পড়ে। এদিন বেইজিং তথ্যটি নিশ্চিত করেছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনা রকেটের ধ্বংসাবশেষের ওই অংশটি আছড়ে পড়ার আগে বেশিরভাগ অংশ বায়ুমণ্ডলে থাকা অবস্থায়ই আগুনে পুড়ে যায়।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে অবশ্য আগেই জানানো হয়েছিল যে, রকেটের এই ধ্বংসাবশেষটি রবিবার সকাল নাগাদ পৃথিবীতে আঘাত হানবে।
এর আগে ধ্বংসাবশেষটি ইতালির জনবহুল কোনো এলাকায় পড়তে পারে বলে জানিয়েছিল দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ও জ্যোতির্বিজ্ঞানীরা। যার কারণে ইতোমধ্যেই ইতালির উমব্রিয়া, লাজিও, আবরুজ্জো, মোলিসে, ক্যাম্পানিয়া, ব্যাসিলিকাটা, পুগলিয়া, কালাব্রিয়া, সিসিলি ও সার্ডিনিয়া— এই দশ অঞ্চলে সতর্কতাও জারি করে স্থানীয় প্রশাসন।
তবে শনিবার (৮ মে) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের রিপোর্টার জিম স্কিউটো জানিয়েছেন, ‘লং মার্চ ফাইভ বি’ চীনা নভোযানের ধ্বংসাবশেষটি তুর্কমেনিস্তানের কোনো অংশে আছড়ে পড়তে পারে।
এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাইক হাওয়ার্ড জানিয়েছিলেন, চীনা রকেটটি ৮ মে নাগাদ পৃথিবীর কক্ষপথে ফিরে আসতে পারে। বিষয়টি মার্কিন সামরিক বাহিনীর স্পেস কমান্ড নজরদারি করেছ।
চীনা মহাকাশ স্টেশন স্থাপনের জন্য ‘লং মার্চ ৫বি রকেট’টি গত ২৯ এপ্রিল উৎক্ষেপণ করা হয়। রকেটটিকে সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করা গেলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন। এরপর থেকেই রকেটটি পৃথিবীর কক্ষপথে ঘুরতে শুরু করে।